চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ফারিয়া (৯) ও সানজিদা (৯) নামের দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ও বিকেলে এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা গোমস্তাপুর উপজেলার কাঞ্চনতলা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং ফারিয়া পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামের ফারুক হোসেনের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিকালে ফারিয়া তার মামা কাউসারের সঙ্গে মোটরসাইকেলযোগে আড্ডা থেকে নিজ বাড়িতে ফেরার পথে দেওপুরা জোড়া ব্রিজ এলাকায় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফারিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় ফারিয়ার মামা কাউসার গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, সকালে সানজিদা তার বাবার সাথে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে রহনপুর চুটুর অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রলি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সানজিদা সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই দুই দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ নভেম্বর ২০২৬

