মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মেয়েরও
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে।রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামে নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই জন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি বেগম (৪৫) ও তার মেয়ে লিমা(১৬)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার পর মিলি বেগম
বাড়ির সামনে অবস্থিত নিজেদের দোকানের গেট খুলতে যান। এ সময় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ছটফট করতে দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসে মেয়ে লিমা। এ সময় সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ নভেম্বর ২০২৬

