সন্তানদের বিয়ে ও মৃত সদস্যদের পরিবারকে ১১ লাখ ২০ হাজার টাকা সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্তানদের বিয়ে এবং প্রয়াত শ্রমিকদের পরিবারের কল্যাণে ১১ লাখ ২০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগরের শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ইউনিয়নের ৩০ জন সদস্যের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার টাকা করে এবং ৪ জন সদস্যের ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ৩৪ জনের হাতে অনুদানের অর্থ তুলে দেন অতিথিরা।
এছাড়া, ইউনিয়নের দুইজন প্রয়াত সদস্যের পরিবারকে ৭০ হাজার করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা সংগঠনের
পক্ষ থেকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি বজলার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সহসভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজন এবং কোষাধ্যক্ষ শামিউল আলম রাজু।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ নভেম্বর ২০২৬

