চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘কথা আছে’ বলে ডেকে নিয়ে মো. বাবুল আক্তার (৩৫) নামের এক আদম ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানো এবং রাশিয়ান যুদ্ধে এক যুবকের মৃত্যুর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। নিহত বাবুল আক্তার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। তিনি একসময় দুবাই প্রবাসী ছিলেন এবং এলাকায় আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি দোকান থেকে কথা আছে বলে কয়েকজন বাবুল আক্তারকে ডেকে নিয়ে যান। পরে কলমোগাড়া এলাকায় নিয়ে তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে ফেলে রেখে পালিয়ে যান তারা। পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, নিহত বাবুল আক্তার এলাকার এক ব্যক্তিকে বিদেশে (রাশিয়া) পাঠিয়েছিলেন। পরবর্তীতে সেখানে যুদ্ধে গিয়ে ওই ব্যক্তি 'সম্ভবত' মারা যান। এই ঘটনা নিয়ে এলাকায় আগে শালিস-মীমাংসা হলেও দুই পক্ষের মধ্যে বিরোধ লেগেই ছিল। সেই বিরোধের জেরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের লোকজন বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর অভিযান চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ অক্টোবর ২০২৬

