ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অপরাধে শিক্ষককে ৫ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মো. গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মাইনুদ্দীন
আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত গোলাম কবির উপজেলার ছত্রাজিতপুর-কাঠালিয়াপাড়া এলাকার মৃত তাজেবুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্য বিষয়কের শিক্ষক ছিলেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জীববিজ্ঞানের বই চাইলে শিক্ষক গোলাম কবির তাকে ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে আসতে বলেন। কথামতো ছাত্রীটি বিদ্যালয়ে গেলে ওই শিক্ষক তাকে স্কুল শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিস কক্ষে নিয়ে যান। পরে অফিস কক্ষের দরজা-জানালা বন্ধ করে কুপ্রস্তাব দেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন অফিসের গ্লাস ভেঙে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর দীর্ঘ তদন্ত শেষে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আনাম ২০২২ সালের ২০ সেপ্টেম্বর আদালতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক ওই শিক্ষককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুস সালাম জানান, একজন শিক্ষকের কাছ থেকে এমন নৈতিকতাহীন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এই রায়ে আমরা সন্তুষ্ট।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ অক্টোবর ২০২৬

