ডেঙ্গু আক্রান্ত জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ দুই চিকিৎসক, নতুন ভর্তি ৬৫ জন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন মারাত্মক রূপ ধারণ করেছে। সাধারণ মানুষের পাশাপাশি এবার ডেঙ্গুর শিকার হচ্ছেন চিকিৎসকরাও। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ আরও একজন চিকিৎসক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (৭ অক্টোবর) ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মাহবুব হাসান জানান, গত শুক্রবার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের শরীরে জ্বর আসে। পরদিন ডেঙ্গু পরীক্ষা করা হলে গত রবিবার তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া, হাসপাতালের অর্থো-সার্জারি (হাড়-জোড়) বিভাগের সহকারী সার্জন ডা. মো. ফজর আলী লালও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনিও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১১ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৫ জন রোগী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ অক্টোবর ২০২৬

