লেবু বাগানে মাটির নিচে তিন বালতিতে মিললো ১৭টি ককটেল
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে মাটির নিচে তিন বালতিতে পুঁতে রাখা ১৭টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মণ্ডল টোলা এলাকার একরামুল হকের লেবুর বাগানে মাটির কয়েক হাত নিচে পুঁতে রাখা এসব ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লেবুবাগানে লাকড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে এক নারী তিনটি মাটির গর্ত ভরাট দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে নতুন গর্তের মধ্যে বালতির উপরে থাকা পলিথিন দেখতে পেয়ে হাতবোমা বা ককটেল সন্দেহ করে পুলিশকে জানায়। পরে বিকাল থেকে রাত পর্যন্ত ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। রাতে স্থানীয়দের সহযোগিতায় তিনটি বালতিতে থাকা এসব ককটেল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জেরনঅতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, তিনটি বালতি উদ্ধার করে এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা সরেজমিনে এসে রাতে তিনটি বালতিতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ, গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের হাতে থাকা ককটেল বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হয়। এসময় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। রোববার (১১ অক্টোবর) উদ্ধারকৃত ককটেলগুলোও ওদুদ মহরিলের হতে পারে বলে ধারনা স্থানীয়দের।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ অক্টোবর ২০২৬

