রেলবস্তিতে মাদক ক্রয়-বিক্রয় বন্ধ ও ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবস্তি ও সংলগ্ন এলাকাগুলোতে মাদক ক্রয়-বিক্রয়, সেবন বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার সকালে '১ নম্বর ওয়ার্ডের সচেতন জনগণ'-এর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পৌরসভার প্রান্তিকপাড়া, উদয়ন মোড়, জিয়ানগর, হাড্ডিপট্টি ও রেলবাগান এলাকার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন শুরুর আগে শহরের উদয়ন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, ১ নম্বর ওয়ার্ডের প্রান্তিকপাড়া, উদয়ন মোড়, জিয়ানগর, হাড্ডিপট্টি ও রেলবাগান এলাকায় মাদকের সহজলভ্যতা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবনের কারণে এলাকার কিশোর ও তরুণদের ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়ছে। এতে এলাকার স্বাভাবিক সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।
এ সময় বক্তারা ওই এলাকাগুলোতে নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, মূল মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং পুলিশি টহল ও নজরদারি সার্বক্ষণিক জোরদার করার জোর দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রাম প্রধান বাহারাম আলী এবং স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, সুমন আলী, আলী হোসেন, সাকিল আহমেদ, শরিফুল ইসলাম ও পাতানুর রহমানসহ অনেকে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ অক্টোবর ২০২৬

