ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত



চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় তোফাজুল ইসলাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায়  মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন। 
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে 
শিবগঞ্জ-ভোলাহাট সড়কে খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজুল ইসলাম ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের মৃত আমিনের ছেলে।
আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ গ্রামের আনোয়ারের ছেলে শুকুর আলী (৩২) এবং বালুগ্রাম গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. সানি (২৬)।

পুলিশ ও স্থানীরা জানান, তোফাজুল ইসলাম বাইসাইকেলে করে কলার বাগানে যাচ্ছিলেন। পথে খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে হাসপাতালে নেয়ার পথে মুশরীভূজা নামক স্থানে তোফাজুল ইসলামের মৃত্যু হয়। 
ভোলাহাট থানার এসআই বশির এই তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ অক্টোবর ২০২৬