পদ্মা নদীতে ডুবে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজের একদিন পর আনিকা (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরের বেলপাড়া পদ্মার শাখা নদী
রুবেলের ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
মারা যাওয়া আনিকা ওই গ্রামের আনিকুলের মেয়ে।
নারায়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বুধবার দুপুরে পদ্মান নদীর একটি শাখায় কাপড় কাঁচতে গিয়েছিল আনিকা। এক পর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরি দল রাজশাহী থেকে এসে উদ্ধার অভিযান চালিয়েও আনিকার সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন জায়গাটি একটি বিলের মতো। আজ (গতকাল) বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে প্রায় ৫শ গজ ভাটিতে ভেসে উঠলে তার মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, নদীতে আনিকার মৃতদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ অক্টোবর ২০২৬