আম বাগানে মিললো ১০টি ককটেল
চাঁপাইনবাবগঞ্জে একটি আম বাগানে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও ৫ কেজি বিস্ফোরক (গান পাউডার) সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার রাতে সদর উপজেলার মহারাজপুর এসমা কলেজ সংলগ্ন একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও গান পাউডার গুলো উদ্ধার করা হয়।
বুধবার র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রাত সোয়া ৯ টার দিকে মহারাজপুরে একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগে থাকা ১০টি ককটেল উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পলিথিন ব্যাগে ২ দশমিক ৮ কেজি গান পাউডার ও ২ দশমিক ১৫ কেজি কালো বারুদ সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
তবে ঘটনাস্থলের আশেপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা এগুলো সংরক্ষণ করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ সেপ্টেম্বর ২০২৬

