সীমান্তে পাথর বোঝাই ট্রাকে মিললো ৭০৮ পিস ভারতীয় যন্ত্রাংশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাকে থেকে ৭০৮ পিস ট্রাকের যন্ত্রাংশ (পার্টস) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুরের কলেজের সামনে অভিযান চালিয়ে ট্রাকের যন্ত্রাংশ (পার্টস) গুলো আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে মুসলিমপুর গ্রামস্থ শাহাবাজপুর কলেজের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ভারতীয় একটি ট্রাক (রেজিঃ নম্বর বিহীন) তল্লাশি করা হলে ট্রাকে থাকা ভারতীয় পাথরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৫টি বেনারসি শাড়ী ও পাথর বোঝাই ট্রাকটি।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত ভারতীয় ট্রাক, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং বেনারসি শাড়ীর আনুমানিক মূল ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
বিজিবি জানায়, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে এসব ভারতীয় যন্ত্রাংশ বাংলাদেশে আনা হয়েছিল। জব্দকৃত ট্রাক, পাথর এবং যন্ত্রাংশসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭সেপ্টেম্বর ২০২৬

