৩টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার



চাঁপাইনবাবগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

গ্রেফতারকৃতরা হলো—শিবগঞ্জের হাউসনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (২৪), দাদনচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২৩), একই এলাকার সইফুলের ছেলে আসিফ (২২), তারাপুর মুন্নাপাড়ার আলমের ছেলে মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়ার রফিকুল ইসলামের ছেলে ইমন রেজা (২৬) এবং কয়লার দিয়াড় গ্রামের আব্দুল করিমের ছেলে আশিক (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) সদর মডেল থানার এসআই জাহিদ হাসান ও এসআই শাকিল হোসেনের নেতৃত্বে রানীহাটি ইউনিয়নের বৈলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ সালাম, সোহেল ও আসিফকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা চুরির পর মোটরসাইকেল জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করতো। কোনো কোনো ক্ষেত্রে বিক্রি করতে না পারলে যন্ত্রাংশ খুলে বিক্রি করে দিত। তাদের বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং রিমান্ডের আবেদন জানানো হবে।

প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেল ইয়াসির আরাফাত ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭সেপ্টেম্বর ২০২৬