চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় সারিউল ইসলাম শিমুল (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের দ্বিতীয় মহানন্দা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিমুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামের সাবেক মেম্বার আনারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শিমুল মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন। পথে দ্বিতীয় মহানন্দা সেতুর ওপর একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৭ আগস্ট ২০২৬

