চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা



চাঁপাইনবাবগঞ্জে রামদাসপুর সীমান্ত দিয়ে ৬জনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার এই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার  (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তের শূন্য লাইনে (জিরো লাইন) ঘটনাটি ঘটে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানান, ভোরে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর  বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৬ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে অবস্থান নেন এবং ওই ব্যক্তিদের জিরো লাইনের ভারতীয় অংশে শনাক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  ওই ব্যক্তিদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৭ আগস্ট ২০২৬