মহানন্দায় গোসল করতে গিয়ে ডুবে একজনের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হায়াত আলী (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া সংলগ্ন হরিপুর ঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হায়াত আলী কাজিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজিপাড়ার হরিপুর ঘাটে মহানন্দা নদীতে গোসল করতে নামেন হায়াত আলী। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের কারণে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান না মেলায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩ দিকে নদী থেকে হায়াত আলীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

গোদাগাড়ী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে হায়াত আলীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহত হায়াত আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৭ আগস্ট ২০২৬