চাঁপাইনবাবগঞ্জে ইঁদুর মারার গ্যাস বিষাক্ততায় গৃহবধূর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেটের ক্রিয়ায় মাশরুফা খাতুন (২০) নামের এক কাতার প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাশরুফা খাতুন ওই গ্রামের কাতার প্রবাসী মোঃ ফরিদের স্ত্রী এবং মোঃ আসাদুল ইসলামের কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ শ্বশুরবাড়িতে ইঁদুরের গর্তে গ্যাস ট্যাবলেট দিতে যান মাশরুফা খাতুন। এ সময় বিষাক্ত গ্যাসের ঝাঁজে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাশরুফাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১৫ আগষ্ট ২০২৬

