চাঁপাইনবাবগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫



চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান, ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার জেলার নাচোল, শিবগঞ্জ ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহায়তায় শুক্রবার রাতে 
নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। আগের দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, শিবগঞ্জে ১৫ আগস্টের পোস্টার লাগানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, অভিযান চালিয়ে ঢ়োড়বোনা মধ্যপাড়ার ওসমান (১৭), নয়লাভাঙ্গা মোড়লপাড়ার মিরাজ (১৫) ও চাঁপাইনবাবগঞ্জ সদরের মোল্লান গ্রামের বাবর আলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া থেকে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আবুজার গিফারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১৫ আগষ্ট ২০২৬