লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি ও গ্রামবাসী




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে 
বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে   বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তবে রাতভর সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী অবস্থান করাই সেই চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার 
চকপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৪ জুলাই) সকালে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, রাতে চকপাড়া সীমান্তে ওপারে বিএসএফ হঠাৎ করেই লাইট বন্ধ করে দেয়। অন্যান্য সীমান্তে এভাবে লাইন বন্ধ করে দিয়েই পুশ ইন করে থাকে তারা। লাইট বন্ধ করে দেয়ার খবরে এলাকাবাসী জড়ো হয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে অবশ্য বাংলাদেশিদের চিৎকার ও চেচামেচিতে লাইট জ্বালিয়ে দেয় বিএসএফ। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পসংলগ্ন সীমান্ত পিলার ১৮৩/৩-এস এলাকায় বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেয়। এই খবর পেয়ে বিজিবি টহলদল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোর্স মারফত জানা যায়, পুশইনের উদ্দেশ্যে বিএসএফ জিরো লাইন থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ‘মুসলিমপাড়া’ এলাকায় আনুমানিক ১২ জনকে জড়ো করেছিল। বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে তাদের শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্ব যানবাহনে করে ওই ১২ জনকে ভারতের মালদা হোল্ডিং সেন্টারে ফিরিয়ে নিয়ে যায়।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি  যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ জুলাই ২০২৬