শিবগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে মোঃ হাবিবুর রহমান (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ভোরে হাবিবুর রহমান নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একটি অজ্ঞাত বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ জুলাই ২০২৬

