পদ্মায় নিখোঁজের ৪ ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, নিখোঁজ এক



চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবরি দল।মঙ্গলবার বিকাল সালে ৬ টার দিকে পদ্মা নদী থেকে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। এর আগে দুপুরের দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বারখের আলী ঘাটে গোসল করতে গিয়ে ওই ২ শিক্ষার্থী
ডুবে নিখোঁজ হন। 
এদিকে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে সাকিরুল নামে একজন এখনো ডুবে নিখোঁজ রয়েছে।  
মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের  রেফাজিপাড়ার জিয়াম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও তেররশিয়া গ্রামের আলিমের ছেলে রাসেল (১৭)। তারা সুবাগ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে রাবারড্যাম এলাকায় নিখোঁজ ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর আরামবাগ এলাকার রুহুল আমিনের ছেলে সাকিরুল ইসলাম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্কুল ছুটির পর বাড়ি না ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যান রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ সদসের একটি ডুবরি দল রাজশাহী থেকে এসে বিকেল ৪টার দিকে নিখোঁজ ওই দুই কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে বিকাল সাড়ে ৬ টার দিকে রিফাত ও রাসেল মরদেহ উদ্ধার করে। 
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, রাজশাহী থেকে ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। 
তিনি আরো জানান, মহানন্দা নদীর রাবারড্যামের কাছে একজনের ডুবে গিয়ে নিখোঁজের খবর পেয়েছি। রাবার ড্যামেরটা ওখান থেকে এসে উদ্ধার অভিযান শুরু করবে।
এদিকে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ জুন ২০২৬