মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত



চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৭০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সাড়ে ১১ টার দিকে 
ভোলাহাট নেকজান উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনায় ঘটে। 
নিহত শের মোহাম্মদ ভোলাহাটে চর ধরমপুর গ্রামের মৃত আলী জান লায়েকের ছেলে। 
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) 
আব্দুল বারিক জানান, শের মোহাম্মদ তাঁর বাইসাইকেল নিয়ে নেক জান উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়।  এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সুরানপুর গ্রামের মোঃ আরমানের ছেলে মোটরসাইকেল চালক মোঃ ময়েন হোসেনকে (১৯) আটক করা হয়েছে।  
এ ব্যাপারে নিহতের মেয়ে জরিনা ভানু থানায় লিখিতভাবে এজাহার দাখিল করেছেন । এ ঘটনায়  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ জুলাই ২০২৬