পুশ-ইনের এক বছর পর শিশুসহ ৪ নাগরিককে ফেরত নিল ভারত
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া চার ভারতীয় নাগরিকে নিজ দেশে ফেরত নিয়েছে বিএসএফ। ট্রাভেল পাসের মাধ্যমে বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান তারা।
ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই চার ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান এবং দানিশ শেখ।
তবে একই সঙ্গে গ্রেপ্তার হওয়া সোনালী বিবি নামে আরেক নারী ও তার সন্তানকে ভারতে পাঠানো হয়েছিলো গত বছরের ৫ ডিসেম্বর। অন্তসত্ত্বা হওয়ায় মানবিক দিক বিবেচনা করে সে সময় সোনালী বিবিকে ভারতে পাঠানো হয়।
সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, ট্রাভেল পাসের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চার ভারতীয় নাগরিককে ভারতে পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। এ সময় সেখানে রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে যেতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশে পুশ-ইনের শিকার ওই চার ভারতীয় নাগরিক। এসময় তারা নিজ দেশে ফিরে যেতে পেরে দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
উল্লেখ, গতবছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই ৪ জনসহ মোট ৬ জনকে পুশ ইন করে বিএসএফ। ওই বছরের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে অন্তসত্ত্বা এক নারীসহ ৬ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাছে তারা দাবি করে- ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দুই দেশেই তোলপাড় সৃষ্টি হয়। ভারতের সুপ্রিম কোর্ট ওই ছয় নাগরিককে দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ দেন।
ওই নির্দেশনার পর অন্তসত্ত্বা সোনালী বিবি ও তার ৮ বছরের সন্তানকে ৫ ডিসেম্বর ভারতে পাঠানো হয়। তবে চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা চলমান থাকায় বাকী চারজন যেতে পারেন নি। এই চারজনকে ট্রাভেল পাসের মাধ্যমে ভারতে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ জুলাই ২০২৬

