চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. রওনক শিশির (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মো. তাজবি (১৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার-বুলনপুর এলাকার মেসার্স মুনজুর অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশির নবাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। সে সদর উপজেলার সরজন গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। বর্তমানে তারা জেলা শহরের নিমতলা মহল্লায় ভাড়া বাসায় থাকতেন। অন্যদিকে, আহত তাজবি জেলা শহরের নিউ ইসলামপুর গ্রামের মো. পলাশ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় শিশির ও তার বন্ধু তাজ আমনুরা থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে ফিরছিল। পথে আতাহার-বুলনপুর এলাকায় আদর্শ গ্রুপের একটি দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো- ট ১৬-৬১৩৫) সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিশির মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত তাজকে স্থানীদের সহায়তা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশিরের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ জুলাই ২০২৬

