মহানন্দায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘণ্টা পর হাসিব আলী (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পিরানটুলি ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া হাসিব আলী সদর উপজেলার মহারাজপুর ফিল্টের হাট এলাকার চকটোলা গ্রামের মো. বাশির আলীর ছেলে। সে স্থানীয় আনন্দময় পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মহারাজপুরের আকন্দবাড়িয়া মিশনতলা ঘাটে বন্ধুদের সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় হাসিব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দল শুক্রবার বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোর স্বল্পতার কারণে প্রথম দিন সন্ধান না পেয়ে সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হয়।
শনিবার সকাল থেকে ডুবুরি দল আবারও দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে দুপুরের দিকে ফায়ার সার্ভিস তাদের অভিযান সমাপ্ত ঘোষণা করে। এর কিছুক্ষণ পরই পিরানটুলি ঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা হাসিবের মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে দুপুরের দিকে অভিযান শেষ করার পরপরই স্থানীয়রা মরদেহটি খুঁজে পায়।

গোদাগাড়ী নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ জুলাই ২০২৬