চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহবায়ক মোঃ তসিকুল ইসলাম তসি।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুপ্রিম পার্সেল কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ও এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মোঃ সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইউসুফ আলি লাভলু এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল।
আয়োজকরা জানান, এবারের মেলায় মোট ৫৪টি স্টল বসেছে। এসব স্টলে আকর্ষণীয় প্রসাধনসামগ্রী, খেলনা, রকমারি খাবার ও বাহারি পোশাকসহ বিভিন্ন কুটির শিল্প পণ্যের সমাহার ঘটেছে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ জুলাই ২০২৬

