নাচোলে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর



চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটির ধাক্কায় তাসনিম (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নাচোল উপজেলার ঝিকড়া এলাকায় সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া তাসনিম গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি পাইয়া পাড়া গ্রামের মোঃ ডালিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তাসনিম নাচোলের ভুজইল গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে নাচোলের ঝিকড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ভুটভুটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাসনিমকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ জুলাই ২০২৬