মহানন্দা নদীতে ডুবে কিশোরের মৃত্যু, নিখোঁজ এক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে সুমন নামের ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে গোসল করতে নেমে হাসিব নামের ১২ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার সদর উপজেলার ইসলামপুর এলাকার গাজীপাড়া ঘাট ও মহারাজপুরের আকন্দবাড়িয়া মিশনতলা ঘাটে মহানন্দা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোর সুমন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে ইসলামপুর ইউনিয়নের চাঁটাইডুবি রহমানিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আর নিখোঁজ হাসিব মহারাজপুর ইউনিয়নের ফিল্টেরহাট গ্রামের আবদুল বাশিরের ছেলে ও মহারাজপুর আনন্দময় পাঠশালার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নৌন পুলিশের এসআই জীবস চন্দ্র রায় ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১২ টার দিকে সুমন তার বন্ধুদের সঙ্গে ইসলামপুর এলাকার গাজীপাড়া ঘাটে মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে মহারাজপুরের আকন্দবাড়িয়া মিশনতলা ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় হাসিব। তার সঙ্গে থাকা বন্ধুরা নদী থেকে উঠে স্থানীয়দের বিষয়টি জানালে তারা তীব্র স্রোতের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও হাসিবকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল পৌনে ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয় এবং সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত হাসিবের কোনো সন্ধান না পাওয়ায় আজকের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, মহানন্দা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং অপর একজন নিখোঁজ রয়েছে। মারা যাওয়া কিশোরের মরদেহ নৌ-পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ জুলাই ২০২৬

