চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও ৭দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা বনবিভাগ এই কর্মসূচির আয়োজন করে।
রবিবার সকালে বৃক্ষমেলা উদ্বোধনের আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক বন বিভাগ, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) মো. মিনহাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ও সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। তবে শুধু গাছ লাগালেই হবে না, গাছের যত্নও নিতে হবে বলে জানান। যাতে গাছগুলো বড় হয়ে ফল দেয়, ছায়া দেয়। তারা বলেন, আসুন সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাই, প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করি এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলি।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
মেলায় অংশ নেয়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারিগুলোর স্টলে ফলদ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ জুলাই ২০২৬

