নাচোলে টিসিবি পণ্যের গোডাউনে আগুন নেভাতে গিয়ে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবি পণ্যের গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে নয়ন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৯ দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এই দুর্ঘটনায় ঘটে।
মারা যাওয়া নয়ন হাটবাকইল গ্রামের আব্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারের একটি দুই তলা ভবনের নিচতলায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ভবনটির দোতলায় ইসলামী ব্যাংকের শাখা রয়েছে এবং নিচতলার গোডাউনে বিতরণের জন্য টিসিবির পণ্য সংরক্ষণ করে রেখেছিলেন ডিলার মোঃ সুজন। আগুন লাগার পর তা নিভাতে গিয়ে নয়ন নামে এক ব্যক্তি মারা যান। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, রাত ৯টার দিকে হাটবাকইল বাজারের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভাতে গিয়ে নয়ন নামের একজন মারা যান।
নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, রাত সাড়ে ৮ টার দিকে হাটবাকইল বাজারে একটি গোডাউনে আগুন লাগার খবর পায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন তারা।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৩ জুলাই ২০২৬

