সীমান্তে অপরাধ রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি



সীমান্ত এলাকার বেকার যুবকদের চোরাচালান, মাদক ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে তুলতে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে ৫৯ বিজিবির উদ্যোগে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে-এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, "সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং চোরাচালানসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। বিজিবি ভবিষ্যতেও জনকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।"
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রাথমিক পর্যায়ে সীমান্ত এলাকার ২৫ জন বেকার যুবককে এক মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দেওয়া হবে।  
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ জুলাই ২০২৬