চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ সাবেক ইউপি সদস্য ও তার স্ত্রী-সন্তান গ্রেপ্তার



চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আব্দুর রহমান, তার স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- তার স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা(১৮)। 

বিকাল ৫ টার দিকে সদর মডেল থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।   

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ বেলা ১ টা থেকে ২ পর্যন্ত  আব্দুর রহমানের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই কেজি ৬৯৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল আড়াই কোটি টাকা।  এছাড়াও সেখান থেকে ৫ টি স্মার্ট ফোন, নগদ ২৪ হাজার ৩২০ টাকা ও
হেরোইন প্যাকেটজাত করার সরঞ্জামাদি জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আব্দুর রহমান দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন। তার বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে।
হেরোইন উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও আব্দুর রহমান ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ জুলাই ২০২৬