চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে একজন নিহত



চাঁপাইনবাবগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলের জের বন্ধু'র ছুরিকাঘাতে রজব আলী  (২৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের পদ্মা ক্লিনিকের সামনে পুরাতন বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রজব চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়ার নজরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পদ্মা ক্লিনিকের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জের জিসান ও মেহদির সাথে রজবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার বশে বন্ধুরা তাকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, কিশোর গ্যাং বা বন্ধুদের অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বন্ধুরা পলাতক রয়েছে।

নিহত রজবের ফুপাতো ভাই রাব্বি বলেন, কিছুদিন আগে বাজারে আমের ক্যারেট চুরি হয়। রজব না কি ক্যারেট চুরি করেছে তাই তাকে মারতে এমন কথা আমাকে বলেছিল। ক্যারেট চুরিকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। 
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ জুন ২০২৬