চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড



চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল  ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত 'রাজশাহী স্টোর' নামের একটি বড় গার্মেন্টস কাপড়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও মার্কেট ব্যবসায়ীরা জানায়, সকাল ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলার রাজশাহী স্টোর বন্ধ থাকা অবস্থায় ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা যায়। কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। পুরো মার্কেট এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের গাড়ি। তবে কাপড়ের দোকানগুলোতে প্রচুর কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের বেশ বেগ পেতে হয়। আগুন যেন মার্কেটের অন্যান্য তলা বা পাশের দোকানে ছড়াতে না পারে, সে জন্য চারপাশ থেকে পানি ছিটানো হয়। 

রাজশাহী স্টোরের মালিক শফিকুল ইসলাম বলেন, 'আমার এক সাথে ৩টি দোকান ছিল। দোকানে নগর অর্থসহ প্রায়  আড়াই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। 

রাজশাহীর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সকাল সাড়ে ৮টার দিকে তারা নিউ মার্কেটে আগুন লাগার খবর পান। খবর পেয়ে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় শিবগঞ্জ ও নাচোল থেকে আরও ৩টি ইউনিট এসে তাদের সাথে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ জুন ২০২৬