চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি'র প্রতিরোধ



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ'র পুশইনের চেষ্টা বিজিবি ও স্থানীয় জনতা ব্যর্থ করে দিয়েছে। শনিবার সকাল ৭ টার দিকে এই ঘটনা ঘটেছে।  
বিজিবি ও স্থানীয়রা জানায়, চৌকা সীমান্তের ১৭৭/২ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফ সকালে ২০ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি'র টহল দল বাধা দেয়। এসময় স্থানীয় জনগনও বিজিবি'র সঙ্গে যোগ দিয়ে প্রতিরোধ করেন। পুশইনের চেষ্টা করা ওই ২০ জন সীমান্তের শূন্যরেখার ৬০ গজ ভারতীয় অংশে শুকদেবপুর এলাকায় অবস্থান করছে। এদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ টি শিশু রয়েছে।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, চৌকা বিওপির পাশে পুশইন চেষ্টার ঘটনা প্রতিহত করা হয়েছে। তারা জিরো লাইনে ভারতের অভ্যন্তরেই রয়েছে। নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায়  বিজিবি’র টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ জুন ২০২৬