ভোলাহাটে দুই গ্রুপের মারামারিতে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মারামারিতে আসাদুল (৪৫) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার দলদলি ইউনিয়নের মুশরীভুজা বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭-৮জন। এদের মধ্যে ৫ জনের শারিরীক অবস্থা অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। একই সঙ্গে আসাদুলের বাড়িসহ মোট দুটিতে আগুন দেয় প্রতিপক্ষরা। নিহত আসাদুল হক ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুশরীভুজা গ্রামের ইলিয়াস-বাবুলর সাথে আসাদুল হক ও আশরাফুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছিল। কিছুদিন আগে ঢাকায় আসাদুলের একজনকে মারধর করেন ইলিয়াস লোকজন। এর ধরে শুক্রবার সকালে ধানের জমিতে কাজ করার সময়
ইলিয়াস-বাবুলকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এতে ইলিয়াস-বাবুল আহত হলে তাদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ইলিয়াস-বাবুল মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে দুপুরে ইলিয়াসের সমর্থক ও এলাকাবাসী প্রতিপক্ষ আসাদুলসহ দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এতে আসাদুল হকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসাদুলের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে রাজশাহী নেওয়ার পথে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ফলিমারি বিল এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শোভন পাল বলেন, হাসাপাতালে আহত হয়ে ৭-৮জন আহত অবস্থায় এসেছিলেন। এরমধ্যে নিহত আসাদুলসহ ৬জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। হাসপাতালে নেয়ার পথে আসাদুল মারা যান।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারিক জানান, পূর্ব শত্রুতা জের ধরে দুই পক্ষের মামলা চলছিল। এদের ধরে মারামারিতে আসাদুল নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ জুন ২০২৬

