বিএনপি নেতাকে কারাফটকে বরণ করতে গিয়ে এক কর্মীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে জামিনে মুক্ত বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ফুল দিয়ে বরণ করতে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কর্মীর নাম মিঠু আলী (৪৫)। তিনি গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ৯ মে পুলিশ সদস্যকে মারধরের একটি মামলায় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। বুধবার বিকেলে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।
নেতার মুক্তির খবর পেয়ে বিকেল থেকেই জেলা কারাগারের সামনে শত শত নেতাকর্মী জড়ো হতে থাকেন। রায়হান কারাগার থেকে বের হওয়ার পরপরই উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় স্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। পরে তাকে নিয়ে কয়েকশ মোটরসাইকেলের একটি বিশাল আনন্দ র্যালিও বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারাফটকের সামনে অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠু আলী। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম ও মানুষের অতিরিক্ত চাপের কারণে তিনি শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নেওয়াকে কেন্দ্র করে পুলিশের এক কনস্টেবলকে মারধর করেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হান। পরবর্তীতে মারধরের শিকার কনস্টেবল মো. শওকত বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর রায়হান আত্মগোপনে চলে যান। পরে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ জুন ২০২৬

