মাদক, স্মার্টফোনে আসক্তি এবং কিশোর অপরাধকে ‘লাল কার্ড’ প্রদর্শন



স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অনন্য এক প্রতিবাদ দেখালো চাঁপাইনবাবগঞ্জের নাচোলের শিক্ষার্থীরা। অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা সমস্বরে প্রদর্শন করেছে ‘লাল কার্ড’।

সোমবার বেলা ১২টায় উপজেলার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এই ব্যতিক্রমী মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নিয়ে মাদক, স্মার্টফোনে আসক্তি এবং কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ নেন।

এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোঃ ইসহাক আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে স্মার্টফোনের অপব্যবহার ও মাদক থেকে দূরে থাকতে হবে। কিশোর অপরাধ ও বাল্যবিবাহ সমাজের বড় ব্যাধি, যা রুখতে শিক্ষার্থীদের নিজেদেরই সবার আগে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের এই লাল কার্ড প্রদর্শন সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার হিসেবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।

আলোচনা সভা শেষে লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মাদক ও অপরাধবিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় হলরুম জুড়ে উপস্থিত ৩০০ শিক্ষার্থী একযোগে লাল কার্ড উঁচিয়ে ধরে অপরাধমুক্ত সমাজ গড়ার ও নিজেদের চরিত্র গঠনের দীপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত অতিথিবৃন্দ টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত এই সংগঠনের এমন সচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ জুন ২০২৬