সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, বিজিবি'র প্রতিরোধ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে আবারও নদীপথে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে পুশইনের চেষ্টা বিজিবি ও স্থানীয়রা প্রতিহত করেছে। পুশইনের চেষ্টা হওয়া ওই নারী এখন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা এই অনুপ্রবেশের চেষ্টা চালায়। বিএসএফ সদস্যরা একজন বেসামরিক মাঝির সহায়তা নিয়ে নৌকাযোগে নদীপথে ওই নারীকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় সীমান্তের স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই নারীকে আটকে দেয় এবং তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দেয়। পরবর্তীতে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠায়।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি)
অধিনায়ক লে কর্ণেল আরিফুল ইসলাম মাসুম জানান, রোকনপুর বিওপির সীমান্তের ২২৫/৩-আর পিলার দিয়ে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা সিভিল মাঝির সহায়তায় নৌকাযোগে ১ জন মহিলাকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।
বিজিবি'র টহলদলের তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে পুশইন ঠেকানো হয়েছে। ওই নারী সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছে।
বিজিবি অধিনায়ক জানায়, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থান নিয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।
উল্লেখ, গত শুক্রবার রাতে একই সীমান্ত দিয়ে নৌকাযোগে নারী-শিশুসহ ১৫ জনকে পুশ ইনের চেষ্টা করলে, সেটিও বিজিবি প্রতিহত করে। এর আগে গত ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করে বিজিবি। ওই ২৮ জন দুই দিন সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানের পর ফিরিয়ে নেয় বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ জুন ২০২৬

