সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্য লাইনে (জিরো লাইন) এ ঘটনা ঘটে। পুশইনের শিকার হওয়া ১৫ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপি-এর কাছে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ওই ১৫ জনকে একটি নৌকায় করে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নেন এবং অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির তীব্র বাধার মুখে অনুপ্রবেশকারীরা ভারতের সীমান্তেই শূন্য লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। পরে বিজিবির কঠোর তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
তিনি জানান, বিএসএফের পুশইনের চেষ্টা বিজিবির সতর্ক অবস্থানের কারণে নসাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৪ জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তাদেরও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ জুন ২০২৬