চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু




চাঁপাইনবাবগঞ্জে আলাদা দুটি বজ্রপাতে এক তরুণসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা-কলোনী ও সদর উপজেলায় ভবানীপুরে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তারা। 
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। 
মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনীর মঙ্গল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৪০) ও ইসলামপুর ইউনিয়নের ভবানীপুরের মোহাম্মদ বাবুর ছেলে মিরাজ আলী (১৬)। 
ওসি বলেন, বিকালে ঝড়-বৃষ্টির মধ্যে মনিরুল ইসলাম বাড়ির পাশের একটি টিউবওয়েলে পানি আনতে যান। এ সময় বজ্রপাত হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
অন্যদিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আম বাগানে কাজ করার সময় বজ্রপাত হলে গুরুতর অসুস্থ হয় মিরাজ। স্থানীয়রা তাকেও দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই মারা যান তিনি। 
এ ব্যপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৩ জুন ২০২৬