চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির কড়া নজরদারি



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে তাদের ভারতীয় ভূখন্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা সীমান্ত রেখার শূন্য লাইনে (জিরো লাইন) অবস্থান করছেন।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানায়, পুশ-ইন হওয়া ব্যক্তিরা প্রথমে ভারতের পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে সেদেশের পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে সেদেশের পুলিশ বিএসএফের কাছে তাদেরকে হস্তান্তর করে এবং বিএসএফ কাঁটা তারের দরজা দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়।

তাদের দাবি, বুধবার গভীর রাতে বাংলাদেশে ঠেলে পাঠার পরে তারা বাঙ্গাবাড়ি ইউনিয়নের ব্রজনাথপুর এলাকায় ঘোরাফেরা করলে স্থানীয় গ্রামপুলিশ ও জনপ্রতিনিধিরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাদের আবার সীমান্ত এলাকায় ফেরত পাঠায়। বর্তমানে তারা 
সীমান্ত রেখার শূন্য লাইনে (জিরো লাইন) অবস্থান করছেন।

স্থানীয় ইউপি সদস্য মোহা. নাসিরুল ইসলাম জানান, ২৮ জনের মধ্যে কয়েকজনের বাড়ি খুলনা অঞ্চলে বলে দাবি করেছে।
বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল  চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম হোসেন বলেন, সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া রয়েছে। রাতের অন্ধকারে ২৮ জন ব্যক্তিকে পুশইন করেছে বিএসএফ। 

এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ২৮জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত করে এবং বাংলাদেশ ভূখন্ডে প্রবেশরোধে কঠোর অবস্থান নেয়। এ অবস্থায় ওই ২৮ জন সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। তারা ফিরে না গেলে পুশ-ব্যাকের চেষ্টা করা হবে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।  এমন পরিস্থিতিতে সীমান্তের ওপারে বিএসএফের চৌকিগুলোতে জনবল বাড়ানো হয়েছে বলে খবর পেয়েছেন। এপারে বিজিবিও টহল জোরদারসহ সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
এদিকে বিকাল ৩ টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এব্যাপারে কেনো সুরাহা হয়নি। এখন পর্যন্ত তারা সীমান্তের শূন্যলাইনে অবস্থান করছেন বলে জানিয়েছেন অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ জুন ২০২৬