চাঁপাইনবাবগঞ্জে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে চুরির অভিযোগে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত  রাত ৩দিকে জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জে পিটিআই বস্তি এলাকার মৃত নূর নবীর ছেলে। তিনি গত ৫ বছর ধরে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, গভীর রাতে গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের গোয়াল ঘরে গরু চুরির চেষ্টা চালান ফিরোজ। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, রাতে গরু চোর সন্দেহে ফিরোজ নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ জুন ২০২৬