ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন



ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ বন্ধ, পাচারকৃত টাকা ফেরত আনা এবং লুটেরাদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে বিগত দিনে যে ধরনের অবৈধ হস্তক্ষেপ ও লুটপাট চালানো হয়েছে, তা অত্যন্ত নজিরবিহীন। এই লুটপাটের কারণে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকটি আজ সংকটের মুখে পড়েছে। 
বক্তারা অবিলম্বে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের স্বাভাবিক কার্যকলাপে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই ব্যাংক ডাকাতি ও লুটপাটের সাথে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জনগণের আমানত রক্ষা এবং ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন 
নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল মোল্লা, ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য ইকবাল আহমেদ, সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের আমীর দেলোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড পৌর জামায়াতের সভাপতি মো: মনিরুল ইসলাম, জামায়াত নেতা এনায়েত।
এ সময় ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক মানববন্ধনে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ জুন ২০২৬