চাঁপাইনবাবগঞ্জে সেতুর টোল ফ্রি'র দাবিতে ডিসি অফিস ঘেরাও



চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা নদীর ওপর অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ফ্রি করার দাবিতে অটোরিকশা ও মাহেন্দ্রা গাড়ি জড়ো করে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। বুধবার সকালে ডিসি অফিসের মূল ফটকে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ অটোরিকশা ও মাহেন্দ্রা চালকরা অংশ নেন। 
ঘেরাও কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক অধিকার আদায় কমিটির আহবায়ক তরিকুল ইসলাম মোল্লা, শাহনেয়ামতুল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা, এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ।
বক্তারা বলেন, মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুটি থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। এরআগে একাধিকবার টোল আদায় বন্ধের দাবি জানানো হলেও তা বন্ধ হয়নি।
বক্তারা, জনদূর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত টোল আদায় বন্ধের দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে রাস্তা অবরোধ ও সড়ক ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ মে ২০২৬