চাঁপাইনবাবগঞ্জে গোয়ালঘর থেকে ৭ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১




চাঁপাইনবাবগঞ্জে গোয়ালঘর থেকে প্রায় ৭ কেজি হেরোইনসহ জয়নাল টুলু (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃত টুলু ওই গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।
র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে জয়নাল টুলুর বাড়ীর অবৈধ মাদকদ্রব্য মজুদ রাখা আছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। এ সময় তল্লাশিকালে টুলুর বাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তায় লুকানো অবস্থায় ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার  করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জয়নাল টুলুকে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ মে ২০২৬