আবারও একই কাদায় লুটপাট শুরু হয়েছে, জনগন অতিষ্ঠ- জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম




বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ৫ ই আগস্টের মধ্য দিয়ে আমাদের নতুন জন্ম হয়েছে। অথচ সেই আন্দোলনকে অস্বীকার করা হচ্ছে। যাদের আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন হলো, তাদের অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। 
তিনি বলেন, ' আবারও একই কায়দায় লুটপাট শুরু হয়েছে। চাঁদাবাজি, অত্যাচারে জনগন অতিষ্ঠ, আইনশৃঙ্খলা পরিস্থিতি আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রব্যমূল্য আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানির কৃত্তিম সংকট তৈরী করে এই কয়েক মাস সরকার লুটপাট করেছে'। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা পার্কে ইসলামী ছাত্র শিবিরের 'কুরআন দিবস' উপলক্ষে আয়োজিত ছাত্র গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 
এই সরকার ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আমরা আবারও এমন অশনিসংকেত দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। 
বিএনপিকে উদ্দেশ্য করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ' আওনারা কিভাবে ক্ষমতায় এসেছেন জনগন জানে। রাতে আপনারা ভোট গণনায় কারচুপি করে জোর করে ক্ষমতায় এসেছেন। আপনাদের পায়ের মাটি সরে যেতে শুরু করেছে '।
ছাত্র গণ জমায়েতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। জমায়েতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নুরুল ইসলাম বুলবুল এমপি, মিজানুর রহমান এমপি,  রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ।
চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি  ইউসুফ আল গালিবের সভার সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র গণ জমায়েতে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
ছাত্র গণ জমায়েতে বক্তারা, ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সমাবেশে পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ মে ২০২৬