আম পাকলেই পাড়া যাবে, থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার



আম পাড়ার জন্য এবারও থাকছেনা কোন দিনক্ষণ। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে গাছে আম পাকলেই পাড়া যাবে।  চলতি মৌসুমে আম পড়ার সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আম ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন এবং বাজারজাতকরণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী
বলেন,' গেল কয়েক বছর এই জেলা আম পাড়ার কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। আগের বছরের মত এবছরও এই জেলা আম পাড়ার জন্য কোন 'ম্যাংগো ক্যালেন্ডার' প্রণয়ন করা হবে না। 
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে আম চাষিরা সচেতন। এ জেলার আম দেরিতে পরিপক্ব হয়। বেশ কয়েক বছর আগে আম ক্যালেন্ডার হয়েছিল। আম চাষী ব্যবসায়ীদের মতামতের ভিত্তির ওপর এবার আম ক্যালেন্ডার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি না। তারপরও যদি আমারা অভিযোগ পাই পরিপক্ব আম বাজারে উঠেছে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, রাজশাহী রেলওয়ে পশ্চিম আঞ্চলের ডেপুটি চিফ কমার্সিয়াল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ ডকঘারের পোস্ট মাস্টার সারোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, আম উদ্যোক্তা আহসান হাবীবসহ অন্যরা।
এদিকে ম্যাংগো ক্যালেন্ডার না থাকায়
 চাষিদের মনে স্বস্তি ফিরলেও ওজনে কারচুপি নিয়ে সভায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। চাষিরা অভিযোগ করেন, জেলার বিভিন্ন বাজারে মণের প্রচলিত নিয়ম তোয়াক্কা না করে পাইকাররা ৪৫ থেকে ৫০ কেজি, এমনকি কোথাও মণপ্রতি ৫৪ কেজি পর্যন্ত আম আদায় করছেন। পচনশীল পণ্য হওয়ায় বাগান থেকে আম নামানোর পর চাষিরা অনেকটা জিম্মি হয়ে পড়েন এবং দ্রুত বিক্রির চাপে বাড়তি ওজন দিতে বাধ্য হন, যা তাদের আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত করছে।

অন্যদিকে লোকসানের অজুহাতে এ বছর বন্ধ থাকছে জনপ্রিয় ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার আল মামুন এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে জানান, গত বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হলেও চাষিদের পক্ষ থেকে কাক্সিক্ষত সাড়া মেলেনি। পুরো মৌসুমে মাত্র ৫ দিন আম পরিবহন করা হয়েছিল। বিশাল এই ট্রেনে প্রতিদিন গড়ে মাত্র ২ থেকে ৩ টন আম ঢাকায় পাঠানো হয়েছে, যা রেলওয়ের জন্য চরম আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ট্রেনটি না চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ মে ২০২৬