সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৪ টি গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৪ টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। রোববার দিবাগত রাত ১টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, সুন্দরপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা ও মনাকষা ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায়। এরমধ্যে নিশিপাড়া থেকে ১টি, খলিফারচর থেকে ৩ টা, সোনাদিয়ারচর থেকে ৪ টি, কদমতলীরচর থেকে ৪টি, কদমতলা থেকে ২টি গরু জব্দ করা হয়। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
তিনি আরও বলেন, চলতি বছরের মে মাসের এখন পর্যন্ত ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন সময় অভিযানে ৩৩টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।
তিনি আরও বলেন, ঈদ-উল-আযহা উপলক্ষে গরু চোরাচালান প্রতিরোধে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে টহল জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ মে ২০২৬

