৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর



পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আজ ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মত স্বাভাবিক থাকবে।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুন বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে। তবে এই সময়ের মধ্যে যাত্রী (পাসপোর্টধারী) যাতায়াত ও কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ মে ২০২৬